মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ যে ১২৯ জন বিদেশি নাগরিককে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের নাম থাকায় এর তীব্র সমালোচনা করছে ওই রাজ্যের বিরোধী দল কংগ্রেস। তারা এ সিদ্ধান্ত বাতিলের জন্য আগরতলায় বাংলাদেশের ভিসা অফিসের সামনে ১৭ মার্চ বিক্ষোভ করেছে। রাজ্য কংগ্রেসের নেতা রতনলাল নাথ আগরতলায় সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুখ্যমন্ত্রী বা তাঁর দল সিপিআইএমের কোনো ভূমিকা ছিল না। চীন তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করায় সিপিআইএমও ছিল নিশ্চুপ।’ রতনলাল বলেন, মানিক সরকারকে স্বীকৃতি দেওয়া হলে, তা হবে ইতিহাসের সবচেয়ে বড় বিকৃতি। ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা পালন করেন। তিনিই রাজ্যে লাখ লাখ বাংলাদেশির আশ্রয়ের ব্যবস্থা করেন। অথচ তালিকায় তাঁর নাম নেই।