মানিক সাহার মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ-এর খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক মানিক চন্দ্র সাহার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং আলোচনা সভা।খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ ও বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খুলনা সংবাদিক ইউনিয়নও অনুরূপ কর্মসূচি হাতে নিয়েছে। মানিক স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিকেল চারটায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া খুলনা জেলা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিকেল চারটায় হত্যা মামলার পুনঃতদন্তসহ বিচারের দাবিতে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।এ ছাড়া মানিক সাহা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে।২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক মানিক সাহা নিহত হন।