মানিকগঞ্জ, আশুলিয়া ও জিরানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
ঢাকার আশুলিয়া, মানিকগঞ্জের সদর ও গাজীপুরের জিরানী বাজার এলাকায় গতকাল বুধবার পোশাকশ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শ্রমিকেরা ঢাকা-আরিচা ও নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা সড়ক দুটিতে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়ক দুটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।মানিকগঞ্জ: সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু অ্যাটায়ার লিমিটেডের শ্রমিকেরা গতকাল সকালে কারখানায় গিয়ে ঈদের ছুটি ও শ্রমিকদের সঙ্গে অশালীন আচরণে অভিযুক্ত কর্মকর্তাদের চাকরিচ্যুতিসহ বিভিন্ন দাবি জানান। কর্তৃপক্ষ দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা সকাল পৌনে নয়টার দিকে কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গতকাল থেকে সাত দিনের ঈদের ছুটি ঘোষণার পর শ্রমিকেরা শান্ত হন।এদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার সোয়েটার ইন কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে মজুরি দেওয়ার সময় তাঁদের দাবি অনুযায়ী সোয়েটারপ্রতি বর্ধিত পারিশ্রমিক দেওয়া হয়নি। এ জন্য তাঁরা মজুরি না নিয়েই চলে যান। গতকাল সকালে তাঁরা কারখানার মূল ফটকে তালা ঝুলতে দেখে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। দুপুরে মালিক, শ্রমিক ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে শ্রমিকেরা আপাতত আগের দর অনুযায়ী মজুরি নিয়ে বাড়ি চলে যান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।কালিয়াকৈর: গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের জিরানী বাজারের উত্তর পাশে আরকে হোম টেক্সটাইল লিমিটেডের শ্রমিকদের গত সোমবার আগস্ট মাসের বেতন ও ঈদের বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ও পরের দিনও তা দেওয়া হয়নি। শ্রমিকেরা গতকাল কারখানায় এসে কাজে যোগ না দিয়ে সকাল আটটার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। খবর পেয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী ফাঁড়ির পুলিশ ও আর্মড পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল নয়টার পর থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ক্ষুব্ধ শ্রমিকেরা পরে কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।আরকে হোম টেক্সটাইল লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা ইফতেখার প্রথম আলোকে জানান, শ্রমিকদের আগেই বেতন-বোনাস দিলে অনেকেই কাজ রেখে বাড়ি চলে যেতেন। তাই এত দিন দেওয়া হয়নি। তবে দুপুর দেড়টার পর শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, ক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে বেতন আদায় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাঁরা সড়ক থেকে সরে যান। বর্তমানে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।