মানিকগঞ্জ আদালতে বোমাতঙ্ক, বিচারিক কার্যক্রম ব্যাহত
‘আদালতে টাইমবোমা রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে তা বিস্ফোরিত হয়ে বড় ধরনের নাশকতা ঘটতে পারে’—মুঠোফোনে এমন খুদে বার্তা পাওয়ায় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা আদালত প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে পড়েন। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের বিচারিক কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা আদালত প্রাঙ্গণে ব্যাপক তল্লাশি চালান। তবে কোথাও কোনো বোমা কিংবা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ ও আদালতসংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা পৌনে ১১টার দিকে প্রথমে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক রবিউল ইসলামের সরকারি মুঠোফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি খুদে বার্তা পাঠান। এতে ইংরেজি অক্ষরে লেখা হয়, ‘মানিকগঞ্জ কোর্টে টাইমবোমা মারা হবে; পারলে বিচারকদের বাঁচান, সব জায়গায় বোমা সেট করা আছে।’ এর পরপরই একই খুদে বার্তা পুলিশ সুপার বিধান ত্রিপুরার সরকারি মুঠোফোনেও পাঠানো হয়।
এরপর পুলিশ সুপার বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা জজ এ কে এম মোস্তফা দেওয়ানকে জানান। এর পরপরই (বেলা ১১টার দিকে) খুদে বার্তার বিষয়টি আদালতের বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাঁরা দ্রুত আদালত প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে যান। এতে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে দুপুর সাড়ে ১২টা থেকে জেলা জজ ও দায়রা জজ আদালতের কার্যক্রম আবারও শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলে। আদালতে আর কোনো বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম বলেন, বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা মুঠোফোনে এ হুমকি দিয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার শাহিনুর আলম খান বলেন, খুদে বার্তা পাওয়ার পরপরই জেলা জজ আদালত ও বিচারিক হাকিমের আদালতে তল্লাশি করে পুলিশ। তবে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।
জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, বার্তা পাঠিয়ে পুলিশকে সহায়তা কিংবা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেও মুঠোফোনে বার্তাটি পাঠানো হয়ে থাকতে পারে। প্রযুক্তি ব্যবহার করে বার্তা প্রদানকারীকে শনাক্ত করার কাজ চলছে। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।