মানিকগঞ্জ ও আশুলিয়ায় ডাকাতি
ঢাকার আশুলিয়ার চানগাঁও এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে৷ একই রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রৌহা ও নবগ্রাম এলাকায় চার বাড়িতে ডাকাতি হয়৷
আশুলিয়া থানার পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত দুইটার দিকে ১০-১৫ জন ডাকাত ব্যবসায়ী মুলান্দি মণ্ডলের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা মুলান্দির ছেলে রিপনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। রিপন দাবি করেন, ডাকাতেরা শতাধিক ভরি স্বর্ণালংকার, ১৩ লাখ টাকা ও দুই লাখ টাকা মূল্যমানের ডলারসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে গেছে।
মানিকগঞ্জেররৌহা গ্রামের ভুক্তভোগী অরবিন্দ চক্রবর্তী বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মুখোশ পরা ১৫-২০ জনের একদল ডাকাত তাঁর স্ত্রী সন্তানদের মারধর এবং অস্ত্রের মুখে জিম্মি করে ছয় ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন সেট ও এক লাখ ২০ হাজার টাকা লুট করে। একই কায়দায় ডাকাতেরা তাঁর ছোট ভাই আরান চক্রবর্তীর বাড়ি থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, এক লাখ ৮০ হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট লুট করে। পরে ডাকাতেরা পাশের বাড়ির শওকত আলী মাস্টারের ছেলে আনোয়ারকে মারপিট করে পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়।