মানিকগঞ্জ ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পুলিশলাইনের সামনে গতকাল বৃহস্পতিবার বাসের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৪০) নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। একই দিন আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ট্রাকের চাপায় এক পথচারী মারা গেছেন।মানিকগঞ্জ সদর থানা সূত্র জানায়, গতকাল সকালে সাইফুল ইসলাম দায়িত্ব পালন করতে পুলিশলাইনে যান। বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। পুলিশলাইন-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ওঠামাত্র ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। সাইফুল ইসলাম টাঙ্গাইলের বাসাইল উপজেলার বন্নিকিশোরী গ্রামের আবদুল করিমের ছেলে।আশুলিয়া থানা পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে পলাশবাড়ি এলাকায় একটি ম্যাক্সি এক পথচারীকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যাক্সি ও ট্রাকের চালককে আটকের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের এবং আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।