মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মানিকগঞ্জ ও গাজীপুরে গতকাল বুধবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ধামরাই উপজেলার সুতিপাড়ায় পিকআপ ভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ধামরাই পৌরসভার শরীফবাগ এলাকার লাল মিয়ার স্ত্রী জরিনা বেগম (৫৫) ও তাঁর জামাতা সকেল উদ্দিন (৪০)।ধামরাই থানার পুলিশ জানায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি পিকআপ ভ্যান গতকাল দুপুর আড়াইটার দিকে সুতিপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার সেটিকে জোরে ধাক্কা দেয়। পিকআপটি ওই দুজনকে চাপা দিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই জরিনা বেগম ও সকেল উদ্দিন মারা যান। তবে পিকআপের চালক পালিয়েছেন। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও প্রইভেট কারটি আটক করা হয়েছে।গাজীপুর সদরের নাওজোড় ও ঝাজর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল দুই ব্যক্তির মৃত্যু হয়। তাঁরা হলেন কালিয়াকৈরের সাকাশ্বর গ্রামের মুশফিকুর রহমান ওরফে বিপ্লব (৩৫) ও জয়দেবপুর থানার ইছড্ডা গ্রামের শুক্কুর আলী (৬০)। নিহত মুশফিকুর গাজীপুর সদর উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে মুশফিক মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলে আসছিলেন। গাজীপুরের নাওজোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর দিকে সদর উপজেলার ঝাজর এলাকায় দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা বাইপাস মহাসড়কে একটি পিকআপের চাপায় শুক্কুর আলী নিহত হন।