মানিকগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল সোমবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। একই দিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
শিবালয় থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে স্থানীয় পদ্মা লাইন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়।বিকেল পাঁচটার দিকে আড়পাড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই তিন ব্যক্তি নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, থানায় মামলা হয়েছে। বাসটি জব্ধ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। নিহত ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৩৫ বছর। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।
কালীগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দালানবাজারসংলগ্ন তেরমুখ সেতুর দক্ষিণ পাশে সিএনজিচালিত অটোরিকশা ও টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও টমটমের ৮-১০ জন যাত্রী গুরুতর আহত হন। এ সময় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রত্না বেগম (৪০) নামের এক নারীকে মৃত ঘোষণা করেন। রত্না শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের মো. শাহজাহান মোল্লার স্ত্রী।
কালীগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।