মানিকগঞ্জ ও ধামরাইয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ে গতকাল মঙ্গলবার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও গ্রামবাসী জানায়, সদর উপজেলার ভারারিয়া ইউনিয়নের উত্তর চৈলা গ্রামের আনছের, মুনছের ও তমছের ৪০ বছর ধরে খাসজমিতে বাস করছেন। সম্প্রতি স্থানীয় সরকারের অধীনে কর্মসৃজন প্রকল্পের আওতায় ওই জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের একটি প্রকল্প দেওয়া হয়। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে ওই সব পরিবারের সদস্যদের কথাকাটাকাটি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য গতকাল দুপুরে মুনছের বেপারীর বাড়িতে বৈঠক বসে। বৈঠকে সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান ও ভারারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এলাহী বক্সসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকে ক্ষতিপূরণ দিয়ে আনছের, মুনছের ও তমছেরের ঘর সরানোর সিদ্ধান্ত হয়। কিন্তু তাঁরা তাতে রাজি হননি। একপর্যায়ে তাঁরা উপস্থিত লোকজনের ওপর হামলা চালান। পরবর্তী সময়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১৫ জন আহত হন। তাঁরা হলেন সিফাজ উদ্দিন (৪০), নিরু বেপারী (৪৮), বদর উদ্দিন (৩৮), মোশারফ হোসেন (৪০), মুনছের বেপারী (৫০), জাহানারা (৪৮), শাহিনুর (৩০), নূরজাহান (৭০), মনোয়ারা (৪০) ও আলমগীর (২৮)।ধামরাইয়ের হালুয়াপাড়া এলাকায় গতকাল সন্ধ্যায় বংশী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বালু উত্তোলন নিয়ে গত সোমবার ধামরাইয়ের হালুয়াপাড়া গ্রামের বাবু ও রাসেলের সঙ্গে নরসিংহপুর গ্রামের আনোয়ারের সংঘর্ষ হয়। বিষয়টির মীমাংসার জন্য গতকাল সন্ধ্যায় হালুয়াপাড়া মসজিদ মাঠে সালিস বৈঠক বসে। সালিসের একপর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দৈনিক ইনকিলাব-এর ধামরাই উপজেলা সংবাদদাতা আনিস উর রহমানসহ (৩৩) উভয় পক্ষের ১০ জন আহত হন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আজিজুল হক ও ধামরাই থানার ওসি আলমগীর হোসেন জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত (রাত ১০টা) কোনো অভিযোগ পাওয়া যায়নি।