মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে তিনজনের লাশ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া বাজার থেকে গতকাল বুধবার দুপুরে সুজন ঋষি (২৫) নামের এক কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন বিকেলে উপজেলার মেঘশিমুল গ্রামের একটি খেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ সদর উপজেলার শাঁখারীবাজারে একটি ডোবা থেকে মো. লিঙ্কন (১৮) বছরের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ এবং বাজারের ব্যবসায়ীরা জানান, প্রায় চার মাস ধরে সুজন বাজারের নুরু মিয়ার আসবাব তৈরির দোকানে কাজ করছেন। তিনি দোকানেই ঘুমাতেন। গত মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে ঘুমাতে যান সুজন। গতকাল সকালে ঘুম থেকে উঠতে দেরি হতে দেখে তাঁকে অন্য ব্যবসায়ীরা ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে দোকানের মালিকসহ কয়েকজন ব্যবসায়ী বিকল্প পথে দোকানে ঢুকে গলায় রশি দেওয়া অবস্থায় সুজনের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে মেঘশিমুল গ্রামের একটি তামাকখেতে আনুমানিক ১৬ বছরের ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। এ সময় তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। সন্ধ্যা ছয়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক বলেন, ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা ওই কিশোরীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। দুই ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে মুন্সিগঞ্জের লিঙ্কন চার দিন আগে নিখোঁজ হন। গতকাল বেলা দুইটার দিকে শাঁখারীবাজারে একটি ডোবায় এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে লিঙ্কনের স্বজনেরা লাশটি শনাক্ত করেন। নিহতের মা হুরুনি বেগম বাদী মুন্সিগঞ্জ থানায় হত্যা মামলা করেন।