মানিকগঞ্জ ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া ও সিঙ্গাইর এবং ঢাকার সাভার উপজেলায় গত সোমবার রাত ও গতকাল মঙ্গলবার তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ইটভাটাশ্রমিক ফিরোজ (২৫), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা ট্রাকচালক আবদুল হান্নান (৩৮), খুলনার বাসচালক মামুন (৪০) ও ইটভাটাশ্রমিক বাকী বিল্লাহ (২৬) এবং পাবনার বাসযাত্রী মজনু (৫০)। সাভারে নিহত পথচারীর পরিচয় জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে সাটুরিয়ার গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়াগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাকচালক হান্নানের মৃত্যু হয়। মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান বাসের চালক মামুন (৪০) ও বাসযাত্রী মজনু। এ দুর্ঘটনায় আহত হন বাসের ৩০ যাত্রী।দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস জানান, মানিকগঞ্জ থেকে রেকার এনে রাত আড়াইটার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরানোর পর রাত তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে গতকাল ভোর সাড়ে চারটার দিকে জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় সিঙ্গাইর-হরিরামপুর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা ইটভাটার শ্রমিক ফিরোজ ও বাকী বিল্লাহর মৃত্যু হয়। আহত হন ট্রাকের চালকসহ পাঁচজন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, গতকাল সকাল ১০টার দিকে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান অজ্ঞাতপরিচয় এক পথচারী। অপরদিকে গতকাল ভোর ছয়টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীতে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।এসব ঘটনায় সাটুরিয়া, সিঙ্গাইর, ঘিওর ও সাভার থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো আটক করেছে।