মানিকগঞ্জ ও সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০
মানিকগঞ্জ ও ঢাকার সাভারের আশুলিয়ায় শুক্রবার রাতে এবং গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।আশুলিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার রাত তিনটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের কবীরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে রাসেল (২২) ও আলফাজ (৫২) নামে দুই পথচারী নিহত হন। তাঁদের ঠিকানা জানা যায়নি। অপরদিকে গতকাল সকাল সাতটার দিকে বাইপাইল-আবদুল্লাপুর সড়কের নরসিংহপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান হা-মীম গ্রুপের নিরাপত্তাকর্মী আবদুল আওয়াল (৩৫)। তাঁর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামে। ঘিওর থানা পুলিশ জানায়, গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে গেলে নিহার সরকার (৩০) নামে এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি রংপুরের নাদিয়াপুর উপজেলার বিলডুমুরিয়া গ্রামে। এ সময় ওই বাসের ২০ যাত্রী আহত হন । তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।