মানিকগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু
মানিকগঞ্জ জেলা কারাগারে গত বুধবার রাতে আবদুল মালেক (৫০) নামের এক কয়েদি মারা গেছেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গাড়াদিয়া গ্রামে। ১ ডিসেম্বর তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছিল।কারা কর্তৃপক্ষ বলছে, মালেক অসুস্থ হয়ে মারা গেছেন। তবে নিহতের পরিবারের দাবি, তিনি সুস্থ ছিলেন। নিহতের স্ত্রী ফুলবানু জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাচন আলীর সঙ্গে তাঁর স্বামীর জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও ছিল। ওই মামলায় গত ৩০ নভেম্বর রাতে পুলিশ তাঁর স্বামী আবদুল মালেক, ভাশুর আসমান আলী ও জা আউসি বেগমকে ধরে নিয়ে যায়। ১ ডিসেম্বর আদালতে সোপর্দ করার পর সিঙ্গাইরের সহকারী জজ আদালত তাঁদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এর পর থেকেই তাঁরা মানিকগঞ্জ জেলা কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় বুধবার রাতে তাঁর স্বামী মারা যান। মানিকগঞ্জের কারাধ্যক্ষ কামরুল ইসলাম জানান, বুধবার রাত নয়টার দিকে কয়েদি আবদুল মালেক (নম্বর ৬৬৬৮এ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে তাৎক্ষণিকভাবে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই তিনি মারা যান। তবে ফুলবানু জানান, বুধবার দুপুরের দিকে তিনি কারাগারে গিয়ে স্বামীর সঙ্গে কথা বলেছেন। তখন তিনি সুস্থ ছিলেন। তাঁর মৃত্যু স্বাভাবিক নয় বলে তাঁদের ধারণা। মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ননীভূষণ তালুকদার বলেন, আবদুল মালেক হূদেরাগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার রাত নয়টায় হাসপাতালে আনার পর সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।