মানিকগঞ্জ জঙ্গিদের অভয়ারণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানকার জঙ্গি ও অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দাবি ওঠে।গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘দেশে জঙ্গিবাদ থাকতে দেব না। তাদের নির্মূল করতে হবে। রুট (শেকড়) বের করে চিহ্নিত করতে হবে, কারা জঙ্গিবাদের গডফাদার। এ জন্য জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।’ তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ষড়যন্ত্র চলছে। এটা যাতে সফলকাম হতে না পারে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ বি এম আনোয়ারুল হক অভিযোগ করেন, মানিকগঞ্জের যমুনা ও পদ্মা নদীর তীরবর্তী হরিরামপুর, দৌলতপুর ও শিবালয় উপজেলার চরাঞ্চলগুলোতে জঙ্গিরা আস্তানা গড়ে তুলেছে। কিন্তু এ ব্যাপারে পুলিশ কোনো ভূমিকা রাখছে না। জেলা প্রশাসক জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ এস এম আবদুল মান্নান, মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ জাহিদ মালেক, মানিকগঞ্জের পুলিশ সুপার শেখ মারুফ হাসান প্রমুখ।সভায় সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, মানিকগঞ্জ জেলা জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। জঙ্গিরা এখানে নিরাপদে অবস্থান করে, তাই এখানে কিছু ঘটায় না। জেলায় অনেক মাদ্রাসা আছে, যেখানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। আওয়ামী লীগের জেলা সভাপতি গোলাম মহিউদ্দিন মানিকগঞ্জের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান।সরকারি কৌঁসুলি (পিপি) ও আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি আবদুস সালাম বলেন, ‘বিগত চারদলীয় জোট সরকারের আমলে ঢাকায় যমুনা ও বসুন্ধরা গ্রুপের ঝগড়া হয়। তখন যমুনা গ্রুপকে শায়েস্তা করতে মানিকগঞ্জ থেকে বাসে করে ঢাকায় হাজার হাজার লোক নেওয়া হয়। সেসব বাসে অস্ত্রও ছিল। সেই অস্ত্র উদ্ধারে পুলিশি কোনো তত্পরতা নেই।’ পিপির এই বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল প্রথম আলোকে বলেন, ‘তখন যে আমার বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপ লেগেছিল, সেটা তো আপনারা সবাই জানেন। মানিকগঞ্জের আইনশৃঙ্খলা কমিটির সভায় অমূলক কিছু বলেনি।’ এই ব্যাপারে চেষ্টা করেও বসুন্ধরা গ্রুপের সঙ্গে যোগাযোগ করা যায়নি।