মানিকগঞ্জ টঙ্গীতে তিতাসের কার্যালয় ঘেরাও, অবরোধ
মানিকগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে গ্যাস-সংকট সমাধানের দাবিতে গতকাল রোববার স্থানীয় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের কার্যালয় ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। টঙ্গীতে ঘেরাওয়ের খবর পেয়ে সেখানকার ব্যবস্থাপক পালিয়ে যান।
মানিকগঞ্জ পৌরবাসী জানান, দুই বছর ধরে মানিকগঞ্জ শহরে গ্যাসের তীব্র সংকট চলছে। সম্প্রতি জেলায় বেশ কয়েকটি কলকারখানা গড়ে উঠেছে। একশ্রেণীর অসাধু সিএনজি পাম্পমালিকেরা অবৈধভাবে এসব কারখানায় সিলিন্ডারে ভরে গ্যাস বিক্রি করছেন। এ ছাড়া তিতাস গ্যাসের কর্মকর্তারাও অবৈধভাবে ওই সব কারখানায় গ্যাস সরবরাহ করে আসছেন। এ কারণে গ্যাস-সংকট দিনে দিনে বেড়েই চলেছে।
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া, পশ্চিম দাশড়া ও নাগবাড়ী এলাকার কয়েক শ নারী-পুরুষ মানিকগঞ্জ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা সদর উপজেলার মেঘশিমুল এলাকায় তিতাস গ্যাসের জেলা কার্যালয়ের সামনে গিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ওই স্থানের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দাবি আদায়ের আশ্বাস দিলে পৌরবাসী মহাসড়ক থেকে সড়ে গিয়ে তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে।
তিতাসের মানিকগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম বলেন, জেলায় প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ কম। তবু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সাত দিনের মধ্যে গ্যাস-সংকটের সমাধান করা হবে।
টঙ্গী মডেল থানার পুলিশ ও বিক্ষোভকারীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড টঙ্গীর মরকুন এলাকায় ১৫ দিন ধরে গ্যাস নেই। গ্যাস সরবরাহের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে কয়েক শ বাসিন্দা তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। কিন্তু কার্যালয়ে আসার খবর পেয়ে ব্যবস্থাপক মো. মোকসেদুর রহমান দ্রুত পালিয়ে যান।
বিক্ষোভকারীরা বলেন, এক বছর ধরে রাত দেড়টা থেকে ভোররাত সাড়ে চারটা পর্যন্ত মাত্র তিন ঘণ্টা গ্যাস পাওয়া যেত। একসঙ্গে সারা দিনের খাবার রান্না করা হতো। এর মধ্যে ১৫ দিন ধরে গ্যাস একদম নেই।
তিতাসের টঙ্গী কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. মশিউর রহমান বলেন, ‘আজ উত্তেজিত জনতার সামনে আমাদের রেখে অনেকে চলে গেছেন। দ্রুত গ্যাস সমস্যা সমাধানের সিদ্ধান্ত না নিলে ভুক্তভোগী মানুষের চাপে এখানে কাজ করা সম্ভব হবে না।’