মানিকগঞ্জ থেকে অপহূত শিশু পাবনায় উদ্ধার
মানিকগঞ্জ থেকে অপহূত তিন বছর বয়সী শিশু তামিমকে গতকাল সোমবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলার তলট গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। সাঁথিয়া থানার পুলিশের সহযোগিতায় মানিকগঞ্জ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খামার সানিলা গ্রামের জালাল উদ্দিন (২৩) ও তলট গ্রামের হাকিম সরকার (২২)।
অপহূত শিশুর পরিবার ও পুলিশ সূত্র জানায়, মানিকগঞ্জ পৌর এলাকার দক্ষিণ সেওতা এলাকার বাসিন্দা তারিকুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠানে পাঁচ বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করেন জালাল উদ্দিন ও হাকিম সরকার। রোববার সন্ধ্যা ছয়টার দিকে তারিকুলের স্ত্রী রোজিনা ইসলাম ও তাঁর শিশুপুত্র তামিমকে নিয়ে হাকিম এবং জালাল বাড়ির কাছে সরকারি বালক উচ্চবিদ্যালয় (বিজয় মেলা) মাঠে ফুচকা খেতে যান। এ সময় তামিমকে আপেল কিনে দেওয়ার কথা বলে ওই দুই শ্রমিক তাকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় রাতেই শিশুটির বাবা হাকিম ও জালালকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ তাঁদের ঠিকানা সম্পর্কে খোঁজখবর নিয়ে বিষয়টি সাঁথিয়া থানার পুলিশকে জানায়। গতকাল সকাল ১০টার দিকে সাঁথিয়া থানা ও মানিকগঞ্জ সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাঁথিয়া উপজেলার প্রত্যন্ত তলট গ্রাম থেকে তামিমকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে হাকিম ও জালালকে আটক করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধারের পর শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।