মানিকগঞ্জ থেকে অপহূত শিশু পাবনায় উদ্ধার
মানিকগঞ্জ থেকে অপহূত তিন বছর বয়সী শিশু তামিমকে গতকাল সোমবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলার তলট গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। সাঁথিয়া থানার পুলিশের সহযোগিতায় মানিকগঞ্জ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খামার সানিলা গ্রামের জালাল উদ্দিন (২৩) ও তলট গ্রামের হাকিম সরকার (২২)।
অপহূত শিশুর পরিবার ও পুলিশ সূত্র জানায়, মানিকগঞ্জ পৌর এলাকার দক্ষিণ সেওতা এলাকার বাসিন্দা তারিকুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠানে পাঁচ বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করেন জালাল উদ্দিন ও হাকিম সরকার। রোববার সন্ধ্যা ছয়টার দিকে তারিকুলের স্ত্রী রোজিনা ইসলাম ও তাঁর শিশুপুত্র তামিমকে নিয়ে হাকিম এবং জালাল বাড়ির কাছে সরকারি বালক উচ্চবিদ্যালয় (বিজয় মেলা) মাঠে ফুচকা খেতে যান। এ সময় তামিমকে আপেল কিনে দেওয়ার কথা বলে ওই দুই শ্রমিক তাকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় রাতেই শিশুটির বাবা হাকিম ও জালালকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।