মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গত রোববার হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ চারজন নিহতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এর মধ্যে মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সভা করা হয়। নারায়ণগঞ্জ শহরে হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশ শেষে মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। সেখানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।মানিকগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফরোজা খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম খানসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা। হাবিব-উন-নবী বলেন, জনগণের টাকায় কেনা পুলিশের রাইফেলের গুলি দিয়ে জনগণকে হত্যা করা হচ্ছে। তিনি সিঙ্গাইর পৌর স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিনসহ চারজনের মৃত্যুর ঘটনায় দ্রুত বিচারের দাবি জানান।নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মজিব প্রমুখ।