মানিকগঞ্জ পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে বিএনপির ৭ নভেম্বর পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাওয়া-পাল্টাধাওয়া, মারধর আর পৃথক পৃথক মিছিল-সমাবেশের মধ্য দিয়ে ৭ নভেম্বর পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপির বিবদমান দুই পক্ষ। বিএনপি দিনটি বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করেছে। এদিকে সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী আহত হয়েছেন। পুলিশ বিএনপির কার্যালয়ের পাশ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও সড়কি উদ্ধার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিবস পালন উপলক্ষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সাবেক সাংসদ হারুনার রশীদ খানের সমর্থক নেতা-কর্মীদের মধ্যে কয়েক দিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছিল। এ উত্তেজনার মধ্যেই উভয় পক্ষের নেতা-কর্মীরা কর্মসূচি পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। গতকাল সকাল ১০টার দিকে সাবেক সাংসদ হারুনার রশীদ খানের সমর্থক নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বানানো মঞ্চ দখল করে শুরু করেন আলোচনা সভা। বিএনপির নেতা মহব্বত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মোতালেব হোসেন, ইকবাল হোসেন, জিয়াউদ্দিন কবীর, মোস্তাফিজুর রহমান, জিন্নাহ খান প্রমুখ। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে ব্যর্থ হয়ে দেলোয়ার সমর্থকেরা দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরে মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাবের সামনে পৌঁছানোর পর পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দেলোয়ার সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন। বিএনপির নেতা জামিলুর রশীদ খানের সভাপতিত্বে এখানে বক্তব্য দেন বিএনপি নেতা আজাদ হোসেন খান, আতাউর রহমান, মাসুদুল কামরুল হক প্রমুখ।এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে দেলোয়ার পক্ষের ছাত্রদলের সাবেক নেতা মাসুদ পারভেজ ও রাজীবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে চাপাতির কোপে বাবু নামের ছাত্রদলের এক কর্মী গুরুতর আহত হন। তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি কার্যালয়ের পাশ থেকে বেশ কিছু চাপাতি, দা, লাঠি ও সড়কি উদ্ধার করা হয়েছে।