মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়কের সংস্কার অবশেষে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়কের কাজ অবশেষে শুরু হয়েছে। তবে সড়কটি সংস্কারে পানিনিষ্কাশনের জন্য নালার ব্যবস্থা রাখা হয়নি বলে জানা গেছে। তাই জলাবদ্ধতায় সড়কটিতে আবার বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ হাট পর্যন্ত ছয় কিলোমিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের এই সড়কের দুই পাশ দখল করে দোকানপাট, বহুতল ভবন ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলায় এর প্রস্থ কমে যায়। এ নিয়ে গত ১০ মার্চ প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জয়রা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়। এ কারণে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়। এ নিয়েও গত ১৭ জুন প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এরপর এক সপ্তাহ আগে সড়কটির ওই অংশে ইটের খোয়া ফেলে মেকাডমের কাজ শুরু হয়। আর বাকি সড়কের প্রায় পুরো অংশেই রয়ে যায় গর্ত আর খানাখন্দ।
ওই সূত্র আরও জানায়, ১৯৯৮-৯৯ সালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ হাট পর্যন্ত ছয় কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। সর্বশেষ ২০০৯-১০ অর্থবছরে সড়কটি সংস্কার করা হয়। এরপর পাঁচ বছরেও সড়কটি সংস্কারে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলতি বছরের ১০ মে সড়ক-সংস্কারে দরপত্র আহ্বান করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে সংস্কারকাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২ কোটি ৬০ লাখ টাকা। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সালেহ অ্যান্ড ব্রাদার্স সংস্কারকাজের দায়িত্ব পায়। প্রথমে সড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জয়রা মোড় পর্যন্ত ৫০০ মিটার এবং বাংলাদেশ হাট এলাকায় ২০০ মিটার অংশে ইটের খোয়া ফেলে ৬ ইঞ্চি পুরু মেকাডম করা হবে। এরপর পুরো সড়কে কার্পেটিং করা হবে। তবে দরপত্রের কার্যাদেশে নালা ব্যবস্থা রাখার জন্য কোনো বরাদ্দ নেই।
সদর উপজেলার নতুন বসতি গ্রামের বাসিন্দা ও মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হাবিবুল মোমেন, জয়রা গ্রামের জিন্নত আলী ও কয়রা গ্রামের শামসুল ইসলাম খানসহ কয়েকজন জানান, সড়কটির এক পাশে ঢালু (নিচু) করে নালার ব্যবস্থা না করা হলে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে আবারও চলাচলের অনুপযোগী হয়ে সরকারের অর্থই শুধু অপচয় হবে।
এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবদুল বারেক হাওলাদার বলেন, সড়কের এক পাশে ঢালু করে নালার ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে সড়কটির পুরো অংশ কার্পেটিং করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন বসতি, জয়রা গ্রামসহ কয়েকটি এলাকার স্থানীয় লোকজন বলেন, জেলা সদরের উত্তরাঞ্চল ও সাটুরিয়া উপজেলার অধিকাংশ ইউনিয়নের বাসিন্দাদের জেলা শহরে যাতায়াতের সবচেয়ে সহজ পথ এটি। এ ছাড়া ঘিওর ও দৌলতপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের লোকজনও এই সড়ক হয়ে জেলা শহরে যাতায়াত করেন। এই সড়ক সংস্কার করা হলে টাঙ্গাইলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও সুগম হবে।