তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবিতে গতকাল রোববার মানিকগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির দুটি পক্ষই। আফরোজ খান-সমর্থক পক্ষটি মিছিল-সমাবেশ ও টুকু-তোজা পক্ষটি সমাবেশ করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আফরোজ খানের সমর্থক নেতা-কর্মীরা বেলা ১২টার দিকে শহরে মিছিল বের করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকঘর মোড় এলাকায় এসে সমাবেশ করে। জেলা বিএনপি নেতা মাহাবুব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মোতালেব হোসেন, আবদুল সালাম, যুবদলের সত্যেন কান্ত পন্ডিত, জিয়া উদ্দিন আহমেদ, ছাত্রদলের হাবু ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান, জিন্নাহ খান প্রমুখ।বক্তারা বলেন, সুশীল সমাজের প্রতিনিধিরা ছাড়াও দেশের অনেক বুদ্ধিজীবীও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে মতামত দিয়েছেন। তার পরও এ সরকার একগুঁয়েমি করেই যাচ্ছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান। টুকু-তোজা পক্ষের নেতা-কর্মীরা একই দাবিতে শহরের হালিম চত্বরে সমাবেশ করে। এতে তোজ্জামেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন কাজী রায়হান উদ্দিন, সৌমিত্র সরকার, আওলাদ হোসেন, সেলিম হোসেন প্রমুখ।