মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরের সঙ্গে সিঙ্গাইর উপজেলার সংযোগ সড়কের নয়াকান্দি এলাকায় সেতু পুনর্নির্মাণের দাবিতে গতকাল রোববার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। ফলে ওই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ), পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকান্দি বাজারের পাশে অবস্থিত ওই সেতুটি ভেঙে যায়। পরে ওই সেতুটির ওপর বেইলি সেতু নির্মাণ করা হয়। বেইলি সেতুটির উচ্চতা বেশি হওয়ায় যান পার হওয়ার সময় মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তাই এলাকাবাসী দীর্ঘদিন থেকে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। গতকাল সকালে যাত্রীবাহী একটি ম্যাক্সি সেতুটিতে ওঠার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই সেতুটি পুনর্নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সেতুটি পুনর্নির্মাণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।স্থানীয় নয়াকান্দি বাজারের ব্যবসায়ী আবুল হোসেন ও রবিউল ইসলাম বলেন, সকাল আটটার দিকে ওই সেতুটিতে উঠতে গিয়ে একটি ম্যাক্সি পেছন দিকে চলে আসে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে যানটি দুটি দোকানের ওপর উঠে পড়ে। এতে দোকান দুটি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন অভিযোগ করেন, সেতুটি পার হওয়ার সময় গত এক বছর বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। তার পরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।মানিকগঞ্জের পৌর মেয়র মো. রমজান আলী বলেন, সওজের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগিরই সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোনটি ধরেননি।