মানিকগঞ্জে অচেতন করে স্বর্ণালংকার ও অর্থ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে চেতনানাশক দ্রব্য মেশানো খাবার খাইয়ে বাড়ির লোকজনকে অচেতন করে দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। বাড়ির ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা শহরের উত্তর সেওতা এলাকায় গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন বাড়ির গৃহকর্তা তাইনুর রহমান, স্ত্রী নূর হাসিনা, ছেলে কম্পন, ভাতিজা আরিফুর রহমান, খালাতো ভাই শাকিল আহমেদ, শাকিলের স্ত্রী মাকসুদা আক্তার ও ছেলে মাহিন।

পুলিশ, এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, রোববার তাইনুরের বাড়িতে শাকিল তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে বেড়াতে আসেন। তাইনুরের স্ত্রী নূর হাসিনা রোববার সন্ধ্যায় রাতের খাবার রান্না শেষ করেন। এরপর রাত সাড়ে নয়টার দিকে বাড়ির সবাই একসঙ্গে খাবার খান। এর কিছুক্ষণ পরই তাঁরা অচেতন হয়ে পড়েন। গতকাল সোমবার সকালে চেতনা ফিরে এলে ঘরের দরজা ও আলমারি ভাঙা দেখে হাসিনা আবারও অচেতন হয়ে পড়েন। এর পরই প্রতিবেশী ও স্বজনেরা তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

তাইনুরের ভাগিনা এমদাদ হোসেন জানান, রান্নাঘরে দুর্বৃত্তদের মেশানো চেতনানাশক দ্রব্য মেশানো খাবার খেয়ে বাড়ির সবাই অচেতন হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই সুযোগে রাতের কোনো এক সময় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারিতে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মানিকগঞ্জ সদর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।