মানিকগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে এক প্রবাসী
অজ্ঞান পার্টির সদস্যরা গতকাল রোববার বাবুল হোসেন (৩০) নামের এক প্রবাসীর কাছ থেকে দেড় লাখ টাকা লুটে নিয়ে গেছে। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল হোসেন উপজেলার দক্ষিণ শিবালয় গ্রামের বাতেন শেখের ছেলে। তিনি পাঁচ বছর ধরে দুবাই থাকেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়িতে এসেছেন। বাবুল হোসেনের বাবা বাতেন শেখ বলেন, গতকাল সকালে তাঁর ছোট ছেলে লাভলু হোসেনকে সিঙ্গাপুরে পাঠানোর জন্য ঢাকার এক ট্রাভেল এজেন্সিতে দেড় লাখ টাকা জমা দেওয়ার জন্য বাবুল বাড়ি থেকে বের হন। সকাল নয়টার দিকে শিবালয় উপজেলার আরিচাঘাট থেকে একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর (বাবুল) কাছ থেকে ওই টাকা নিয়ে যায়। বেলা দুইটার দিকে ওই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী এলাকা থেকে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসক আবদুল আওয়াল জানান, গতকাল রাত নয়টা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।