মানিকগঞ্জে আ.লীগ নেতাদের হাতে পিআইও লাঞ্ছিত!
মানিকগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারফ হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেন ও জেলা যুবলীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক গতকাল বেলা একটার দিকে পিআইওর কার্যালয়ে যান। তাঁরা একটি সেতুর প্রকল্প অনুমোদন নিয়ে পিআইও মোশারফ হোসেনের সঙ্গে কথা বলেন। ওই কর্মকর্তা ও দুই নেতার উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে বাইরে অপেক্ষমাণ কয়েকজন আওয়ামী লীগের নেতা-কর্মী ভেতরে ঢুকে পিআইওকে মারধর করেন। পিআইও মোশারফ হোসেন জানান, স্থানীয় সাংসদ জাহিদ মালেকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন এবং মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ আবদুল মান্নান তাঁর নির্বাচনী এলাকা হাটিপাড়ায় সেতু নির্মাণের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রস্তাব (ডিও) পাঠান। হাটিপাড়া সেতু নির্মাণ প্রকল্পটি আগে অনুমোদন হয়ে আসে। এতে ক্ষুব্ধ হন আওয়ামী লীগের নেতারা। গতকাল এ নিয়ে পিআইওর সঙ্গে কথা বলতে আসেন আওয়ামী লীগের নেতা ইসরাফিল হোসেন ও যুবলীগের নেতা আবু বক্কর সিদ্দিক। দুই নেতার সঙ্গে কথা বলার একপর্যায়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে উঠলে কয়েকজন যুবক অফিস কক্ষে ঢুকে পিআইওকে কিল, ঘুসি ও লাথি মেরে চলে যান। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এ ব্যাপারে যুবলীগের নেতা আবু বক্কর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, পিআইও আর্থিকভাবে লাভবান হয়ে কৃষ্ণপুরের প্রকল্পটি অনুমোদন না করে হাটিপাড়ার প্রকল্পটি অনুমোদনে সহায়তা করেন। এ নিয়ে কথা বলতে গিয়ে ওই কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। মারধরের অভিযোগ সত্য নয়।তবে পিআইও মোশারফ হোসেন বলেন, এ অভিযোগ আক্রোশমূলক।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘পিআইও মোশারফ হোসেনের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বাগিবতণ্ডা হওয়ার কথা শুনেছি। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’ পিআইওর শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, এটি খুবই দুঃখজনক।