মানিকগঞ্জে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
মানিকগঞ্জে গতকাল সোমবার পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পাওয়া যায়নি।গত রোববার রাজধানীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ওপর পুলিশের হামলা, গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপির দুই পক্ষ। বেলা ১১টার দিকে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খানের সমর্থক শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট চত্বরে গিয়ে সমাবেশ করেন। যুবদলের সাবেক সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির নেতা আবদুস সালাম, ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, যুবদলের নেতা তুহিনুর রহমান, আবদুল আজিজ, ছাত্রদলের নেতা হাবু ভূঁইয়া, শ্রমিকনেতা হাজি নান্নু মিয়া প্রমুখ বক্তব্য দেন।এরপর দুপুর ১২টার দিকে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমর্থক কয়েক শ নেতা-কর্মী দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা কালেক্টরেট ভবনের সামনে সমাবেশ করেন। এতে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামিলুর রশিদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন খান, বিএনপির নেতা মহিউদ্দিন স্বপন, যুবদলের সাবেক আহ্বায়ক আবদুস সালাম বাদল, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য তানিভ ইকবাল রাসেল, শ্রমিক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা এবং বিএনপির নেতা-কর্মীরা ঢাকায় সমবেত হওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদের ওপর হামলা ও লাঠিচার্জ করে। গ্রেপ্তার করা হয় নেতা-কর্মীদের। সমাবেশে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি এবং পুলিশি হামলার প্রতিবাদ জানানো হয়। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা যুবলীগের নেতা-কর্মীরা জেলা শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত দলীয় কার্যালয় থেকে মিছিল বের করেন। মিছিলটি শহীদ রফিক সড়ক ও কোর্ট চত্বর এলাকা প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত এক সমাবেশ জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহার সভাপতিত্বে বক্তব্য দেন সদ্য নিয়োগ পাওয়া জেলা পরিষদ প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক তানজীদ উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক রাজা, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বাঁচাতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে জামায়াত-শিবির ও বিএনপি দেশে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।