মানিকগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ দলের মহাসচিবের ছেলে আবদুল হামিদের ছবিসংবলিত একটি বিলবোর্ড ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে আটক করে পরে ছেড়ে দিয়েছে।ঘিওর উপজেলার বানিয়াজুরী বাজার বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে ওই বিলবোর্ড ভাঙার সময় বাজারের নৈশপ্রহরীরা আওয়ামী লীগ নেতাদের কথামতো কাজ না করায়ও তাঁদের মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ওই ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।ঘিওর থানার পুলিশ ও বানিয়াজুরী বাজার বণিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমাস উদ্দিন ও আওয়ামী লীগের কর্মী প্রদীপ সরকার শনিবার রাত আড়াইটার দিকে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে গিয়ে একটি বিলবোর্ড ভাঙেন। এতে খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আবদুল হামিদের ছবি ছিল। এরপর তাঁরা বানিয়াজুরী উত্তর পার বাজারের নৈশপ্রহরী হেলাল উদ্দিন ও শুকুর আলীকে এনে বিলবোর্ডটি পানিতে ফেলার নির্দেশ দেন। তাঁরা রাজি না হলে ওই নেতা-কর্মীরা হেলালকে মারপিট করেন।ব্যবসায়ীরা জানান, রোববার সকালে বণিক সমিতির নেতারা বাজারে এলে প্রহরী হেলাল বিষয়টি তাঁদের জানান। এর পরপরই ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল আটটার দিকে ব্যবসায়ীরা ধর্মঘটের ঘোষণা দিয়ে একযোগে দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে এক সমাবেশ থেকে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা দোকান খোলেন। পরে নেতারা গোলাম রব্বানী, আলমাস উদ্দিন ও প্রদীপ সরকারকে নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। এ সময় ঘিওর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাম রব্বানী, আলমাস উদ্দিন ও প্রদীপ সরকারকে থানায় নিয়ে যান।জেলা বিএনপির নেতা জামিলুর রশীদ খান বিলবোর্ড ভাঙার ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগের নেতা গোলাম রব্বানী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিচু করে টাঙানো ওই বিলবোর্ডের কারণে লোকজন ব্যথা পেতেন। এ কারণেই বিলবোর্ডটি ভাঙা হয়েছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, মৌখিক অভিযোগে তিন নেতাকে আটক করা হয়েছিল। কিন্তু কেউ লিখিত অভিযোগ না করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।