মানিকগঞ্জে আ.লীগের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগের একাংশের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিভিন্ন খাতে সরকারের বরাদ্দ করা চালের ভাগবাটোয়ারা এবং অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ সংঘর্ষ হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, দৌলতপুরে টিআর, কাবিখা ও ওএমএসের চালের ভাগবাটোয়ারা এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে দৌলতপুর বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদের সমর্থকদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে যুবলীগের উপজেলা কমিটির সদস্য আবদুল হাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, যুবলীগের কমিটির সদস্য জীবন খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও সদস্য সুমনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।