মানিকগঞ্জে আকিজ পার্টিকেল মিলে উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষের জের ধরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় অবস্থিত আকিজ পার্টিকেল বোর্ড মিলে গত তিন দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। কর্মকর্তাদের দুর্ব্যবহার ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ এবংদুর্ঘটনায় ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি আদায়ে শনিবার থেকে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন। পুলিশ ও শ্রমিক সূত্রের ভাষ্য অনুযায়ী, কারখানাটিতে প্রায় ৫৫০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। তাঁদের সঙ্গে কর্মকর্তারা প্রায়ই দুর্ব্যবহার করে থাকেন। এর ওপর সম্প্রতি বিভিন্ন শাখা থেকে ২৫ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক বাড়ানোসহ সাপ্তাহিক ছুটিরও দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকেরা। কিন্তু কোনো সমস্যার সমাধানেই কর্তৃপক্ষ এ যাবৎ পদক্ষেপ নেয়নি। এসব কারণে শনিবার সকাল নয়টার দিকে প্রথম দিনের মতো শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ছাঁটাইকৃতদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন। সূত্র আরও জানায়, বিক্ষোভের কারণে ওই দিন রাতেই ঘিওর থানার পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিয়ে দীর্ঘ আলোচনায় বসেন। আলোচনায় আকিজ গ্রুপের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মো. তারিকুল আলম মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের দাবি পূরণের আশ্বাস দেন ও ২০ দিনের সময় চান। কিন্তু এতে আশ্বস্ত না হয়ে শ্রমিকেরা গতকাল সোমবার পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখেন। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ব্যবস্থাপক তারিকুল আলম প্রথম আলোকে বলেন, শ্রমিকদের সমস্যা সমাধান ও দাবি পূরণের আশ্বাসের পরও তাঁরা কাজে যোগ দেননি। ফলে তিন দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।