মানিকগঞ্জে আর্থিক সহায়তা পেল শহীদ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বরুরিয়া গ্রামের মাধব দত্ত ও তাঁর বাবা যাদব দত্তকে। গতকাল মঙ্গলবার পরিবারটির বিরুদ্ধে নির্মমতার ঘটনা শুনে মাধব দত্তের স্ত্রী রেবা রানী দত্তকে ১০ হাজার টাকা সহায়তা দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।
একাত্তরের গণহত্যার শিকার ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে এ প্রতিনিধি গত রোববার তেরশ্রী বরুরিয়া গ্রামে যান। গ্রামের বাড়িতে কথা হয় রেবা রানীর সঙ্গে। একাত্তরের ২২ নভেম্বর পাকিস্তানি সেনারা গ্রামটির অসংখ্য বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেন। আগুনে পুড়িয়ে, গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে মাধব, যাদবসহ ৪৩ জনকে হত্যা করা হয়। সে সময় মাধবের স্ত্রী রেবা রানী দত্ত ১০ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হত্যাকাণ্ডের পরদিন তিনি এক ছেলেসন্তানের জন্ম দেন। ঘটনা শুনে জেলা প্রশাসককে জানান এ প্রতিনিধি। জেলা প্রশাসক গতকাল ওই পরিবারকে তাঁর কার্যালয়ে ডেকে নেন। তিনি রেবা রানীর কাছে একাত্তরের সেই নির্মমতার গল্প শোনেন। এ সময় তাঁর বড় ছেলে মধুসূদন দত্ত উপস্থিত ছিলেন। রেবা রানীকে ১০ হাজার টাকা সহায়তা দেন রাশিদা ফেরদৌস। একই
সঙ্গে অষ্টম শ্রেণিপড়ুয়া তাঁর নাতনির উপবৃত্তির ব্যবস্থা করে দেন তিনি।
রাশিদা ফেরদৌস বলেন, মুক্তিযুদ্ধের এত বছরেও ওই পরিবারকে কোনো সহায়তা দেওয়া হয়নি। এটা কেবল দুঃখজনক নয়, কষ্টেরও বিষয়। তিনি ওই পরিবারকে যথাযথ মর্যাদা ও সহায়তা দেওয়ার আশ্বাস দেন।