মানিকগঞ্জে ইলিশ ধরায় ১৭ জেলের কারাদণ্ড
মানিকগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে পৃথক অভিযানে ১৭ জেলেকে এক বছর করে কারাদণ্ড এবং দুই জেলেকে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মা-ইলিশ সংরক্ষণের লক্ষ্যে প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত মানিকগঞ্জসহ ২৭ জেলায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা ও হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ইলিশ ধরা চলছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের সহযোগিতায় জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা হরিরামপুরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ওই ১৭ জেলেকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল ও ৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এরপর তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রুবিনা ফেরদৌসী ১৭ জেলের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন। জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা ইলিশগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে শিবালয়ের যমুনা নদী থেকে ইলিশ ধরার সময় দুই জেলেকে আটক করেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। এরপর তাঁদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।