মানিকগঞ্জে এক দিনে তিন ব্যক্তির লাশ উদ্ধার
মানিকগঞ্জে পৃথক স্থান থেকে গতকাল মঙ্গলবার দুই রিকশাচালকসহ তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ, এলাকাবাসী এবং নিহত ব্যক্তিদের পরিবার জানায়, গতকাল দুপুরে সদর উপজেলার কোশাভাঙ্গা গ্রাম থেকে হাবিবুর রহমান (৪০) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আটিগ্রামের মৃত শুকুর আলী দেওয়ানের ছেলে। গতকাল সকালে কোশাভাঙ্গা গ্রামের একটি অগভীর নলকূপের পাশে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হাবিবুরকে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বেউথা এলাকার কালীগঙ্গা নদী থেকে গতকাল বিকেলে সবুর আলী (৩৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের রতন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বেউথা এলাকার একটি মাদ্রাসার সামনে কালীগঙ্গা নদীতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। বিকেল পাঁচটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার এসআই আশীষ কুমার স্যান্নাল বলেন, সোমবারই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আবদুল বাতেন মোল্লা (৪০) নামের আরেক ব্যক্তির লাশ গতকাল ঘিওর উপজেলার ঘিওর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের লয়চান মোল্লার ছেলে বাতেন কৃষক ছিলেন। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম জানান, তাঁর মাথা ও হাত-পায়ে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।