মানিকগঞ্জে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন।গত রোববার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এই মামলা করেন ছাত্রীর মামা। মামলাটি গতকাল সোমবার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মানিকগঞ্জ সদর থানায় পাঠানো হয়।ছাত্রীর মামা জানান, ঘটনার পর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আপস করার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। দীর্ঘদিনেও কোনো বিচার না পেয়ে অবশেষে তিনি আদালতে মামলা করেন।মামলায় বাদী অভিযোগ করেন, মানিকগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তাঁর ভাগ্নি। সে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ত। গত ১৯ মার্চ সকালে প্রাইভেট পড়তে গেলে শিক্ষক তাকে ধর্ষণ করেন।ধর্ষণের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ওই ঘটনাকেই ফুলিয়ে-ফাঁপিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আদালতের নির্দেশে গতকাল থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা ও তদন্ত ছাড়া অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাবে না।