মানিকগঞ্জে এক বছরে যক্ষ্মায় ৯৯ জনের মৃত্যু
মানিকগঞ্জে ২০১৬ সালে তিন হাজারের বেশি ব্যক্তি যক্ষ্মায় আক্রান্ত হন। তাঁদের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনায় গতকাল শুক্রবার এই তথ্য জানা গেছে।
সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা প্রদর্শন শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে যায়। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা হয়।
আলোচনা সভা থেকে জানা যায়, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ব্র্যাক জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। ২০১৬ সালে ২৪ হাজার ৭১৯ জনের কফ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ৬৭১ জনের কফে জীবাণুযুক্ত যক্ষ্মা শনাক্ত হয়। কফে জীবাণুমুক্ত যক্ষ্মা চিহ্নিত হয় ১ হাজার ২৩৩ জন। তাঁদের সবাই ফুসফুসে জীবাণু আক্রান্ত যক্ষ্মা রোগী। এ ছাড়া ফুসফুসবহির্ভূত যক্ষ্মা রোগী চিহ্নিত হয় ৩৫১ জন। পুনরায় আক্রান্ত হয়ে ৪৮ জন ব্যক্তি চিকিৎসা নেন। আরও পাঁচজন বিভিন্নভাবে আক্রান্ত হন। সব মিলিয়ে যক্ষ্মায় মোট ৩ হাজার ৩০৮ জন আক্রান্ত হন। এর মধ্যে ১৫৯টি শিশু যক্ষ্মা রোগী রয়েছে। এ ছাড়া যক্ষ্মা প্রতিরোধে ২৮৪ জনকে আইপিটি চিকিৎসা (আইসোনিয়াজাইড প্রিভেন্টিভ থেরাপি) দেওয়া হচ্ছে।
গত বছর যক্ষ্মা রোগে আক্রান্ত ৩ হাজার ৩০৮ জনের মধ্যে ৯৯ জন মারা গেছেন। চিকিৎসায় ২ হাজার ৪৭৫ জন সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন আছেন ৭৩৪ জন।
‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে’ প্রতিপাদ্য নিয়ে জেলা নাটাবের সভাপতি এম এ ওয়াহিদ তারা মিয়ার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞ বিকাশ চন্দ্র তরফদার, জেলা ব্র্যাকের (যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি) ব্যবস্থাপক হিমাংশু মোহন মণ্ডল, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ, সিভিল সার্জনের কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার (টিবি) মজিবুর রহমান ও নাটাবের জেলা সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
বিকাশ চন্দ্র বলেন, যক্ষ্মা এখন মরণব্যাধি নয়। সঠিক সময়ে যক্ষ্মা রোগ চিহ্নিত করা গেলে নিয়মিত চিকিৎসায় তা সম্পূর্ণ নিরাময় বা ভালো হয়। এ চিকিৎসার খরচ সরকার বহন করে। এ জন্য বুকে ব্যথার সঙ্গে তিন সপ্তাহের বেশি হাঁচি-কাশি থাকলে কফ পরীক্ষা করতে হবে। এই রোগের লক্ষণ দেখা দিলে বিনা মূল্যে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিতে পরামর্শ দেন তিনি।