মানিকগঞ্জে এক বাড়িতে ভাঙচুর ও লুটপাট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পূর্ব কুষ্টিয়া গ্রামের এক বাড়িতে গত রোববার সন্ধ্যায় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় বাড়ির মালিক আবদুল মালেক ও তাঁর চার বছরের মেয়েশিশু জান্নাত আরা আহত হয়।এ ঘটনায় সাটুরিয়া থানায় মামলা হয়েছে। এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মালেকের বাইসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে অটোরিকশার যাত্রী হাজীপুর গ্রামের রহিম বাদশার সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রহিমের নেতৃত্বে হাজীপুর গ্রামের অর্ধশতাধিক মানুষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মালেকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। এ ছাড়া দুই লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।