মানিকগঞ্জে এক রাতে দুই খুন ও এক লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চরপল্টন গ্রামে গত সোমবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলায় পলি বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই দুই যুবক হলেন: ঢাকার কেরানীগঞ্জের ঢালীকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩২) এবং একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে আবুল কালাম (২৫)। তাঁরা দুজনেই রংমিস্ত্রি ছিলেন। বিপ্লবের পরিবার জানায়, প্রায় ১০ বছর আগে চরপল্টন গ্রামে বিয়ে করেন বিপ্লব। তাঁদের সংসারে আট বছরের একটি মেয়ে রয়েছে। ছয় মাস আগে দাম্পত্য কলহের জের ধরে বিপ্লবের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু বিপ্লবের সঙ্গে তাঁর সাবেক স্ত্রীর মুঠোফোনে প্রায়ই কথা হতো। সোমবার সন্ধ্যায় সাবেক স্ত্রীর ফোন পেয়ে কালামকে সঙ্গে নিয়ে বিপ্লব চরপল্টনে যান। এরপর সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিপ্লবের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে একপর্যায়ে ওই বাড়ির লোকজনের ছুরি ও টেঁটার আঘাতে বিপ্লব ও কালাম খুন হন। পুলিশ জানায়, সাবেক শুশুরবাড়ির অদূরে একটি ধানখেত থেকে গতকাল বিপ্লব ও কালামের লাশ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, সদর উপজেলার কলাশি গ্রামের লাভলু মোল্লার সঙ্গে তাঁর স্ত্রী পলির কয়েক মাস ধরে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে সোমবার রাতে পলি স্বামীর বাড়ির একটি ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। গতকাল সকালে ওই বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিপ্লব ও কালামের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লবের সাবেক স্ত্রী ও তাঁর বাবাকে আটক করা হয়েছে।