মানিকগঞ্জে ওয়েল্ডিং মিস্ত্রি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের গুলিতে আবদুল হক (২৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রি খুন হয়েছেন। এ ঘটনায় আবদুল হকের বন্ধু মো. সজীব (২২) ছুরিকাঘাতে আহত হয়েছেন। গুরুতর অবস্থায় সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেলে আবদুল হকের ভগ্নিপতি মো. মিলন সাংবাদিকদের জানান, রাত আটটার দিকে সিঙ্গাইরের সিরাজপুরহাটে মারফত ও মনির হোসেনের সঙ্গে প্রতিপক্ষের তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় সজীব তাঁর বন্ধুকে নিয়ে দুই চাচাকে রক্ষা করতে এগিয়ে যান। একপর্যায়ে প্রতিপক্ষ রিভলবার দিয়ে আবদুল হককে গুলি করে। এতে আবদুল হক গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা সজীবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আবদুল হক ও সজীবকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আবদুল হককে মৃত ঘোষণা করেন। সজীব চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন সজীব জানান, মোটরসাইকেল চালানো নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর তিন চাচার বাগিবতণ্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা আবদুল হককে গুলি করে ও তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান ভূঁইয়া দাবি করেছেন, মাদক ব্যবসার কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হতাহতের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল মানিকগঞ্জের সিঙ্গাইর থানার অধীন নয়, মানচিত্র অনুযায়ী তা ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাড়াগ্রামে।