মানিকগঞ্জে কারখানার বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ২০
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় গতকাল শুক্রবার হার্ডবোর্ড তৈরির একটি কারখানার বয়লার বিস্ফোরণে একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত শ্রমিকের নাম শহীদুল ইসলাম (২৫)। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকিজ পার্টিকেল নামের হার্ডবোর্ড তৈরির ওই কারখানায় হঠাৎ বিকট শব্দে বয়লারের বিস্ফোরণের পর আগুন ধরে যায়। কারখানার কয়েকটি ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখা আর গরম পানিতে অন্তত ২০ জন শ্রমিকের দেহ ঝলসে গেছে। খবর পেয়ে মানিকগঞ্জ এবং ঘিওর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবদুল মালেক জানান, আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।গতকাল রাত ১২টার দিকে মানিকগঞ্জ ফায়ার ব্রিগেডের সহকারী স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, আগুন এখনো নেভেনি। আগুন নেভাতে গিয়ে রাত ১১টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়।