মানিকগঞ্জে কৃষক সমাবেশ ও কৃষিমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষাধিক একর জমির সেচ-সুবিধার জন্য মানিকগঞ্জের কৃষকেরা ধলেশ্বরী নদী খননের দাবি জানিয়েছেন। গতকাল শনিবার শহরের আবদুল হালিম মিলনায়তনে আয়োজিত কৃষক সমাবেশ ও কৃষিমেলায় তাঁরা এ দাবি জানান।
গবেষণামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) ও স্থানীয় ১৬টি কৃষক সংগঠন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। স্থানীয় পরিবেশবাদী সংগঠন স্যাকের নির্বাহী পরিচালক দীপক কুমার ঘোষ সমাবেশ সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক আবদুল আজিজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা কামাল, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, সহযোগী গবেষক নজরুল ইসলাম এবং কৃষক সংগঠনের ইমান আলী, আবদুল হালিম, লুৎফর রহমান ও কমলা বেগম।
কৃষকেরা জানান, দখল, দূষণ, ভরাট ও উজান থেকে পলি এসে নদীগুলো দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। ধলেশ্বরী নদী বর্তমানে মৃতপ্রায়। এ ছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রকৃতিপ্রদত্ত পানির উৎসগুলো বিলুপ্ত হচ্ছে। এ কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ে জ্বালানি খরচ করে গভীর ও অগভীর নলকূপের পানি ব্যবহার করা হচ্ছে। ধলেশ্বরী নদীর সাটুরিয়া উপজেলার তিল্লী থেকে সিঙ্গাইরের ধল্লা পর্যন্ত অংশ খনন করা হলে নদীর দুই পারের তিনটি উপজেলার লক্ষাধিক একর ফসলি জমির সেচ-সুবিধা নিশ্চিত করা সম্ভব।
কৃষকেরা বলেন, পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাবে মরিচ, আলু, টমেটো, গাজর, পেঁয়াজসহ বিভিন্ন সবজির ন্যায্যমূল্য থেকে কৃষকেরা বঞ্চিত হচ্ছেন। তাঁরা প্রতিটি উপজেলায় সরকারিভাবে একটি করে সংরক্ষণাগার নির্মাণের দাবি জানান।
এ ছাড়া কৃষিকাজে ভর্তুকি বাড়ানো, জৈব সার ব্যবহারে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা, কৃষিজমিতে ইটভাটা বন্ধের কার্যকর পদক্ষেপ, ধারারচকে জলকপাট নির্মাণসহ বিভিন্ন দাবি কৃষকেরা তুলে ধরেন।