আগাম শীতকালীন সবজির ভালো ফলনে মানিকগঞ্জের কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্য ফসলের তুলনায় কম খরচ ও বেশি লাভের ফলে তাঁরা এখন সবজি চাষের দিকেই ঝুঁকছেন।স্থানীয় কয়েকজন কৃষক বলেন, আগে কৃষকেরা ধান, গম, সরিষা, তামাক প্রভৃতি ফসলের চাষাবাদ করে লাভের মুখ দেখতে পেতেন না। লোকসান গুনতে হতো প্রায়ই। এ ছাড়া বেশির ভাগ কৃষকই দিনমজুরের কাজ করতেন অন্যের জমিতে। কিন্তু কয়েক বছর ধরে শীতকালীন সবজির চাষ করে তাঁদের অবস্থার পরিবর্তন হয়েছে। তবে এ বছর সারের দাম ও আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় তাঁদের কিছুটা সমস্যা হচ্ছে।জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার সদর, সাটুরিয়া ও সিঙ্গাইর উপজেলায় এবার ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলা, লালশাক, লাউ, করলা, কুমড়া, বরবটি, টমেটো, গাজর ও পুঁইশাকের ব্যাপক উৎপাদন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি রাজধানীর বিভিন্ন স্থানেও সরবরাহ করা হচ্ছে।শীতকালীন সবজির আগাম চাষে প্রথম সাফল্য অর্জনকারী কৃষক সাটুরিয়া উপজেলার হরজগ গ্রামের আ খ ম নূরুল হক বলেন, প্রায় এক যুগ আগে তিনি দুই বিঘা জমিতে সবজি চাষ শুরু করেন। গত বছর তিনি ১৪ বিঘা জমিতে ফুলকপির চাষ করে উৎপাদন খরচ বাদে প্রায় আট লাখ টাকা আয় করেন। এ বছর ২২ বিঘা জমিতে ফুলকপি, চার বিঘায় টমেটো ও গোল আলু চাষ করে অন্তত ১২-১৩ লাখ টাকা আয়ের ব্যাপারে আশাবাদী। ইতিমধ্যেই তিনি ঢাকার কারওয়ান বাজারে লক্ষাধিক টাকার ফুলকপি বিক্রি করেছেন।নূরুল হকের সাফল্য দেখে সবজি চাষে উদ্যোগী হয়ে সাফল্য পেয়েছেন শিমুলিয়া গ্রামের কৃষক হোসেন আলী। তিনি এ বছর ১০ বিঘা জমিতে ফুলকপির আবাদ করে সাত-আট লাখ টাকা লাভের আশা করছেন। তিনি বলেন, এ বছর প্রতি বস্তা ইউরিয়া সারের দাম বেড়েছে ৪২০ টাকা। এ ছাড়া সেচসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় কিছুটা মুশকিলে পড়েছেন চাষিরা।সবজি চাষে সফল হয়েছেন একই গ্রামের শামসুল হক, জান্না গ্রামের আবদুস সালাম, সদর উপজেলার দেড়গ্রামের পিয়ার আলী, জসীম উদ্দিন, আবুল হোসেন, সিঙ্গাইর উপজেলার কানাইনগর গ্রামের সফিউদ্দিন, জয়মন্টপ গ্রামের আলতাব হোসেন, খাসেরচর গ্রামের এখলাস উদ্দিন প্রমুখ।মানিকগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক মামুন-উর রশীদ প্রথম আলোকে বলেন, সবজি চাষের ওপর চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলায় গত বছর সাত হাজার হেক্টরেরও বেশি জমিতে সবজির চাষ হয়। আশা করা যায়, এ বছর উৎপাদন আরও ভালো হবে।