মানিকগঞ্জে খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার মানরা ও নতুন বসতি খাল ভরাটের প্রতিবাদে এবং পানির প্রবাহ নিশ্চিতকরণের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে কৃষকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন। পরে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার কালীগঙ্গা নদীর তরা এলাকা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে মানরা হয়ে নতুন বসতি পর্যন্ত খাল রয়েছে। মানরা থেকে নতুন বসতি এলাকা পর্যন্ত খালের মানরা, ভুল জয়রা ও নতুন বসতি এলাকায় মাটি ফেলে খাল ভরাট করে রাস্তা ও বসতভিটা নির্মাণ করছেন স্থানীয় ব্যক্তিরা। এ ছাড়া উপজেলার দিঘি এলাকায় সেতুর নিচে মাটি ফেলে ভরাট করছেন আবদুল বাছের নামের স্থানীয় এক ব্যক্তি।
স্থানীয় কৃষকেরা জানান, এই খাল দিয়ে মানরা, নতুন বসতি, দিঘি, কয়রা, জয়রা ও বাইচাইল গ্রামে বর্ষার পানি ঢোকে। এই খাল ভরাট হলে এসব এলাকায় সহস্রাধিক একর ফসলি জমি সেচসুবিধার আওতার বাইরে চলে যাবে।
এসব কারণে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ধলেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক আইনজীবী আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ভাটবাউর আইপিএম ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডে সদস্য শুকুর আলী, পরিবেশবাদী বেসরকারি সংস্থা বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়, যুব ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক আরশেদ আলী, কৃষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও স্থানীয় কৃষক হিরন মিয়া। দিঘি গ্রামে সেতুর নিচে খাল ভরাটকারী আবদুল বাছের বলেন, নিজের জমিতেই তিনি মাটি ফেলে ভরাট করছেন।
পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মুহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, নিজের জমি হলেও কোনো জলাশয় ভরাট করা যাবে না। সরেজমিনে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।