মানিকগঞ্জে খাসজমি দখল করে চলছে মার্কেট নির্মাণ
মানিকগঞ্জের সাটুরিয়ার কাওন্নারা মৌজায় সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ করা হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উপজেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সমবায় সমিতির নামে ওই মার্কেট নির্মাণের কাজ চলছে। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, কাওন্নারা মৌজায় ১২২১ দাগের ১ নম্বর দাগে প্রায় ১৬ একর খাসজমি রয়েছে। জেলা প্রশাসন ওই জমির কিছু অংশ একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েকটি ভূমিহীন পরিবারকে বন্দোবস্ত দেয়। জমির বাকি অংশে আছে খাল এবং কিছু অংশ রয়ে আছে পতিত অবস্থায়। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, এলাকার সাটুরিয়া-দরগ্রাম সড়কের দক্ষিণ পাশে মার্কেট নির্মাণ হচ্ছে। টিন আর সিমেন্টের খুঁটি দিয়ে বেশ কয়েকটি লম্বা দোকান তোলা হয়েছে। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সমবায় সমিতির লোকজন এসব ঘর নির্মাণ করাচ্ছেন।ওই স্থান থেকে ২৫ শতক জমির বন্দোবস্ত পাওয়া মৃত জামাল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম বলেন, ১৯৭৮ সালে সরকারের কাছ থেকে তিনি এর বন্দোবস্ত নিয়ে মাটি ভরাট করে গাছ লাগান ও ঘর তোলেন। গত রোববার সকালে সমিতির লোকজন তাঁর ঘর ভেঙে দেয় ও গাছপালা কেটে নেয়। পরে বন্দোবস্তের জায়গাসহ পাশের পতিত জমিতে মার্কেট নির্মাণ শুরু করে। বিষয়টি থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।মুক্তিযোদ্ধা পুনর্বাসন সমবায় সমিতির আহ্বায়ক ও সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার লুৎফর রহমান বলেন, আলেয়া বেগমের কথা সত্য নয়। ভুয়া দলিল করে ওই জমি দখল করা হয়েছিল। তবে সমিতির সদস্যরা ১৩৫ শতক জমিতে মার্কেট নির্মাণ করছেন। সরকার থেকে জমির বরাদ্দ দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদা নাসরিন বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি জমি দখল করা অন্যায় ও বেআইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।