মানিকগঞ্জে খুলে দেওয়া হলো সেই সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালিগঙ্গা নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধনের পর সেখানে পথচারীরা চলাচল শুরু করে l ছবি: প্রথম আলো
কালিগঙ্গা নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধনের পর সেখানে পথচারীরা চলাচল শুরু করে l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জ পৌর এলাকায় কালীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুটি অবশেষে গতকাল রোববার সন্ধ্যায় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের জেলা শহরে যাতায়াত সহজ হলো।
তবে সেতুটির কোনো নামকরণ করা হয়নি। নামকরণ নিয়ে জটিলতার কারণে সেতুর কাজ শেষ হলেও এত দিন এটি উদ্বোধন করা হয়নি।
সরেজমিনে জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে বেউথা এলাকায় সেতুটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র গাজী কামরুল হুদা ও স্থানীয় সরকার বিভাগের জেলার নির্বাহী প্রকৌশলী আবদুল বারেক হাওলাদার উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ওই বছরের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রবাসীকল্যাণমন্ত্রী (বর্তমানে এলজিইডি মন্ত্রী) সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর অক্টোবর মাসে ২৯৭ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থের সেতুর নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের ১৮ জুন সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ছয় মাস আগেই এর কাজ শেষ হয়।
২০১৪ সালের ৪ জুন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সাবেক মেয়র রমজান আলীর নামে সেতুর নামকরণের আবেদন করেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ২৩ জুন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ওই নামে সেতুটির নামকরণের অনুমোদন দেয়। তবে নামকরণ নিয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নেতিবাচক মনোভাবের কারণে জটিলতার সৃষ্টি হয়।
গত ৩০ জুলাই সেতুটির উদ্বোধনের কথা থাকলেও নামকরণ নিয়ে জটিলতার কারণে তা হয়নি। এ নিয়ে গত ১১ আগস্ট প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা-কর্মীরা সেতুটি খুলে দেওয়ার দাবিতে পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ নিয়েও প্রথম আলোয় একাধিক প্রতিবেদন ছাপা হয়।