মানিকগঞ্জে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকায় গতকাল শুক্রবার ক্রিকেট খেলার মাঠ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন কিশোর আহত হয়েছে। তাদের চারজনের অবস্থা গুরুতর। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন বিকেলে পৌর এলাকার পূর্ব-দাশড়া গ্রামের পল্লীমঙ্গল খেলার মাঠে ১০-১২ জন কিশোর ক্রিকেট খেলছিল। পরে পার্শ্ববর্তী পশ্চিম-দাশড়ার ১৫-১৬ জন কিশোর সেখানে খেলতে যায়। এ সময় মাঠ দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ব্যাট ও স্টাম্পের আঘাতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়।হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে মো. পলাশ (১৮), মোহাম্মদ আলী (১৬), মো. নাহিদ হোসেন (১৭) ও লিজনকে (১৮) গুরুতর অবস্থায় মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মুমূর্ষু অবস্থায় মোহাম্মদ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।হাসপাতাল সূত্র আরও জানায়, আহতদের নিয়ে আসার পরও দুই পক্ষের মধ্যে হাসপাতালে হাতাহাতি শুরু হলে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, মাঠ দখল নিয়েই দুই পক্ষের কিশোরদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ব্যাপারে গত রাত সাড়ে আটটা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।