মানিকগঞ্জে গজারী বিলে ভাগাড় স্থাপন, এলাকাবাসীর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ফসলি জমিতে ময়লা-আবর্জনা ফেলার জন্য ভাগাড় স্থাপন শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হবে, অন্যদিকে ময়লা-আবর্জনার দুর্গন্ধে এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ভাগাড়টি অন্যত্র স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। এ ছাড়া আলোচনা সভা, গণজমায়েতসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। জানা গেছে, সদর উপজেলার দীঘি ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত গজারী বিলে বছরের অর্ধেক সময় পানি থাকে। বছরের অবশিষ্ট সময় বোরো ধান, ভুট্টা, সরিষা, পাটসহ বিভিন্ন শস্যের আবাদ করা হয়। সমপ্রতি এ বিলেই মানিকগঞ্জ পৌরসভা ময়লা-আবর্জনা ফেলার জন্য ভাগাড় করছে। মানিকগঞ্জ পৌরসভা কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার ময়লা-আবর্জনা ফেলার জন্য একটি ভাগাড় স্থাপনের উদ্যোগ নেয় মানিকগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। এ জন্য ২০১০ সালে মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে গজারী বিলের ২ দশমিক ৪ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়ার কার্যক্রম শুরু করা হয়। এতে ওই জমির মালিক ও এলাকাবাসী বিরোধিতা করে। ওই বছরই জমির মালিকেরা উচ্চ আদালতে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত জমির ওপর স্থিতিবস্থা জারি করেন। পৌরসভা কার্যালয় সূত্র আরও জানায়, চলতি বছরের ৭ মার্চ হাইকোর্ট স্থিতিবস্থার আদেশ বাতিল করেন। এরপর ২০ মার্চ ওই জমিতে ডাম্পিং গ্রাউন্ড স্থাপনের কাজ শুরু করা হয়। গত বুধবার বিকেলে ভাগাড় স্থাপন বন্ধের দাবিতে দীঘি ইউনিয়ন পরিষদ চত্বরে গণজমায়েত কর্মসূচির পর প্রতিবাদ সভা পালন করা হয়। সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন ছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। সভায় নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তফা কামাল এলাকাবাসীকে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার পরামর্শ দেন। সভায় সানাউল হক, চান মিয়া, জাহিদুর রহমানসহ আরও বেশ কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, যে এলাকায় ভাগাড় স্থাপন করা হচ্ছে সেটি পৌর এলাকার বাইরে দীঘি ইউনিয়নে পড়েছে। ভাগাড়টি নির্মাণ করা হলে ময়লা-আবর্জনার পচা দুর্গন্ধে ভাটবাউরসহ মূলজান ও বাগজান এলাকার কয়েক হাজার বাসিন্দার বাড়িতে থাকাই দায় হয়ে পড়বে। জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, ‘আমি এখানে যোগদানের আগে পৌরসভার জমি অধিগ্রহণ-প্রক্রিয়া সম্পন্ন হয়। এ ছাড়া জমির মালিকেরা অধিগ্রহণ ঠেকাতে উচ্চ আদালতে মামলা করেন। পরবর্তী সময় আদালত পৌরসভার পক্ষে রায় দেন। কাজেই আদালতের বাইরে স্থানীয় প্রশাসনের করার কিছুই নেই। তবে আলোচনা সাপেক্ষে সবকিছুই সম্ভব। পৌরসভা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব।’ মানিকগঞ্জের পৌর মেয়র মো. রমজান আলী বলেন, ‘পৌরসভার ভাগাড় স্থাপনের জন্য সদর উপজেলার তরা ও জাগীর এলাকা নির্ধারণ করা হয়। কিন্তু সেখানে অনুমোদন না পেয়ে গজারী বিলে তা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিক দিক বিচার-বিবেচনা করেই ওই স্থান নির্ধারণ করা হয়।’