মানিকগঞ্জে গণপিটুনিতে দুজন নিহত, গ্রেপ্তার ৭
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি এলাকায় গতকাল বৃহস্পতিবার গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। আহত ব্যক্তিদের গ্রেপ্তারের পর মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশের ভাষ্যমতে, গণপিটুনিতে নিহত দুজন নৌ-ডাকাত বাতেন বাহিনীর সদস্য। তাঁরা হলেন আক্তার হোসেন (৩৬) ও টুকু মিয়া (৩৫)। তাঁরা মানিকগঞ্জের শিবালয় উপজেলার চর আলোকদিয়ার লালভোলা গ্রামের বাসিন্দা। দৌলতপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে চরকাটারি বাজারের কয়েকজন ব্যবসায়ী দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে তেল কেনার জন্য যমুনা নদী দিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিলেন। কিছুক্ষণ পর আরেকটি ইঞ্জিনচালিত নৌকায় করে ১০ জন ডাকাত ওই ব্যবসায়ীদের ওপর হামলা চালান। ব্যবসায়ীদের চিত্কারে আশপাশের গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে নয়জনকে ধরে ফেলে। চরকাটারি বাজারে নেওয়া হলে উত্তেজিত জনতা তাঁদের পিটুনি দেয়। এতে আক্তার হোসেন ও টুকু মিয়া ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গণপিটুনিতে আহত বাবলু (৩৫), ছানোয়ার (২৫), মোতালেব (৩৫), আশরাফ (৪০), গোলাম আযম (৪৫), মানিক (৪০) ও আনোয়ার হোসেনকে (৩০) পুলিশে সোপর্দ করা হয়। তাঁরা মানিকগঞ্জের শিবালয় উপজেলার চর আলোকদিয়ার লালভোলা গ্রামের বাসিন্দা। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বিকেলে তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ব্যবসায়ীদের বহনকারী নৌকার মাঝি রওশন আলী জানান, চরকাটারি বাজারের কাছ থেকে বাঘাবাড়ি বাজারের উদ্দেশে নৌকা ছাড়ার আধা ঘণ্টা পর ডাকাতেরা হামলা চালায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুল হক নামের এক ব্যবসায়ী আহত হন।ঘিওর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হতাহত ব্যক্তিদের সবাই ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামি।