মানিকগঞ্জে গাড়ি ছিনতাইয়ের সময় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় গত শুক্রবার রাতে প্রাইভেট কার ছিনতাই করার সময় চারজনকে আটক করে জনতা। পুলিশ একটি শাটার গান, একটি চাপাতি ও দুটি ছুরিসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজু (২৮), সাইফুল (২৫), জাফর (২০) ও দেলোয়ার (২০)। তাঁদের বাড়ি সিঙ্গাইরের বিভিন্ন গ্রামে।সিঙ্গাইর থানার পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার হওয়া চার যুবক যাত্রী সেজে উপজেলার সাহরাইল থেকে ব্যক্তিগত গাড়িটি ভাড়া নেন। লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে তাঁরা চালক জহিরুল ইসলামকে অস্ত্র দেখিয়ে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালান। এ সময় চালক গাড়িটি থামিয়ে ‘ডাকাত, ডাকাত’ বলে চিত্কার দেন। এতে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের অস্ত্রসহ ধরে ফেলেন। সিঙ্গাইর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে ওই চার যুবকের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।