মানিকগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ছালেহা বেগম (৩০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার আরিচাঘাট এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।এদিকে ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।ছালেহার পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার নেহারপুর গ্রামের চা-বিক্রেতা সিরাজুল ইসলামের স্ত্রী ছালেহা বেগমের সঙ্গে প্রতিবেশী মো. রেজাউলের পরকীয়া ছিল। কয়েক দিন আগে ছালেহা এলাকার কয়েকজনের কাছে এ কথা স্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল গত শনিবার রাতে মুঠোফোনে ছালেহাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন। এ ঘটনায় ছালেহার ভাই ইসমাঈল হোসেন বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে শিবালয় থানায় হত্যা মামলা করেছেন। মামলার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল হত্যার কথা স্বীকার করেছেন। ঘিওর থানা সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে উপজেলার পাঁচুরিয়া গ্রামের একটি রাস্তার পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাঁকা এবং মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাঁর পরনে ফুলহাতা চেকশার্ট ও জিনসের প্যান্ট রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, দুর্বৃত্তরা যুবককে হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।