মানিকগঞ্জে গৃহবধূর গলিত লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ১০ দিন পর মানিকগঞ্জ সদর উপজেলার দয়ারামপুর গ্রাম থেকে জোসনা সূত্রধর (২৫) নামের এক গৃহবধূর গলাকাটা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ায় বাধা দেওয়ায় জোসনাকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে নিহত গৃহবধূর বাবা ভোলানাথ সূত্রধর মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়িসহ আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। শাশুড়ি মহর রানী দাসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, এলাকাবাসী ও নিহত গৃহবধূর স্বজনেরা জানান, প্রায় আট বছর আগে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দশআনী গ্রামের ঠাকুর দাসের ছেলে শরৎ দাসের সঙ্গে সাটুরিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের ভোলানাথের মেয়ে জোসনার বিয়ে হয়। ২০ জুলাই সকালে দশআনী গ্রামের স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন জোসনা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে দয়ারামপুর গ্রামের একটি ভুট্টাখেতে এক নারীর জবাই করা লাশ দেখতে পান এলাকাবাসী। বিষয়টি জানতে পেরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে জোসনার লাশ শনাক্ত করেন।