মানিকগঞ্জে গৃহবধূর বাড়িতে প্রতিপক্ষের হামলা, লুটপাট
মানিকগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে বেতিলা-মিতরা ইউনিয়নের আউটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ওই গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আউটপাড়া গ্রামের নিজাম উদ্দিনের মৃত্যুর পর তাঁর মেয়ে রিজিয়া বেগম (৩৫) ওয়ারিশ সূত্রে আট শতক বসতভিটার জায়গা পান। তার পর থেকেই স্বামী-সন্তান নিয়ে তিনি সেখানে বসবাস করে আসছেন। দুই বছর আগে তাঁর চাচা প্রতিবেশী ইসমাইল হোসেন ওই জায়গার মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। সম্প্রতি রিজিয়ার পক্ষে মামলার রায় হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর একটার দিকে সাত-আটজন যুবক দা, কুড়াল ও শাবল নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। তারা ঘর ভাঙচুর করে এবং বিভিন্ন মালামাল লুট করে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।রিজিয়া বেগম অভিযোগ করেন, মামলায় রায়ের পরও ওই জায়গার দখল নিতে তাঁর চাচা বিভিন্নভাবে হয়রানি ও চাপ প্রয়োগ করে আসছেন। এর মধ্যে তাদের বিরুদ্ধে চুরির মামলাও দেওয়া হয়। গতকাল ওই মামলার হাজিরা দিতে তারা মানিকগঞ্জ বিচারিক হাকিম আদালতে যান। এই সুযোগে ইসমাইল লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। অভিযোগের ব্যাপারে ইসমাইল হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় রিজিয়া বেগম থানায় অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।